‘নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও’ এবং ‘দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হলরুমে দিবসটি উপলক্ষে সুধী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন এএলআরডি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, স্বদেশ, হেড, সামস, সিডো, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, ক্রিসেন্ট, নবদিগন্ত ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোককেন্দ্র, উদ্দীপ্ত মহিলা সংস্থা, ব্রেকিং দ্য সাইলেন্স এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বাপা সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠানে নদী ও পরিবেশ বিষয়ে একটি লিখিত ধারণাপত্র উপস্থাপন করা হয়। সভায় অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বন কর্মকর্তা এও সফর রহমান, শিক্ষাবিদ কৃষ্ণপদ সরকার, অধ্যাপক ইদ্রিস আলী ও পরিবেশ কর্মকর্তা আশরাফ আলী। এ ছাড়া বক্তব্য দেন আবু জাফর সিদ্দিকী, বজলুর রহমান, আব্দুস সামাদ, মফিজুল ইসলাম, যুব নেতা আব্দুর রহমান, আনিস নূর খান বাবুলসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নদী একটি দেশের ভূপ্রকৃতি, পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় কপোতাক্ষ, বেতনা, মরিচ্চাপ, খোলপেটুয়া, ইছামতি, কালিন্দী, কাকশিয়ালী ও রায়মঙ্গলসহ বেশ কয়েকটি নদ-নদী রয়েছে। কিন্তু অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পলি জমা, নদী দখল ও দূষণ, জলাবদ্ধতা এবং লবণাক্ততার কারণে এসব নদী ও জলপ্রবাহের স্বাভাবিক গতি ও নাব্যতা হুমকির মুখে পড়েছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতিতে। সভায় নদী ও পরিবেশ রক্ষায় আট দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—নদী ও খাল দ্রুত দখলমুক্ত করা, নদী ও জলপ্রবাহ দূষণমুক্ত রাখা, স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নদী, খাল ও জলাভূমির পরিবেশগত ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করা। এ ছাড়া লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নদীকেন্দ্রিক অভিযোজন ব্যবস্থা গড়ে তোলা, নদী রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নদী ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জোরদারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, “সাতক্ষীরার নদী শুধু একটি জলপ্রবাহ নয়, এটি এ অঞ্চলের প্রকৃতি ও জীবন-জীবিকার প্রাণস্পন্দন। নদীকে বাঁচানোর অর্থ নদীর তীর, সংযোগ খাল, জীববৈচিত্র্য ও নদীনির্ভর মানুষের জীবন রক্ষা করা। দখল ও দূষণমুক্ত জীবন্ত নদী নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজ, গবেষক ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, সাতক্ষীরার নদী ও জলপ্রবাহ রক্ষা করা গেলে এ অঞ্চলের পরিবেশ, প্রাণ-প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই জনপদ গড়ে তোলা সম্ভব হবে।
আজকের বাণী 


















