বলিউড অভিনেত্রী কানিকা কাপুরের ক্যারিয়ারে নতুন সংযোজন ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবিটিতে তিনি অভিনয় করেছেন সানি দেওলের বড় ছেলে কারণ দেওলের সঙ্গে। এর আগে সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের সঙ্গে ‘দোনো’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির প্রযোজক আমির খান। এতে আরও অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি ও আলী ফজল। মুক্তির আগে এক সাক্ষাৎকারে কানিকা বলেন, ছবিটি নিয়ে তাঁর মধ্যে একসঙ্গে উত্তেজনা ও কিছুটা ভয় কাজ করছে। দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে চিন্তা থাকলেও এখন পর্যন্ত পাওয়া সাড়া তাঁকে আশাবাদী করেছে।
ছবিতে কাজের সুযোগ পাওয়ার বিষয়ে কানিকা জানান, তাঁর অভিনীত ‘দোনো’ ছবিটি দেখেছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী। এরপর একাধিক অডিশনের মাধ্যমে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর চরিত্রের জন্য তাঁকে নির্বাচন করা হয়।
সানি দেওলের দুই ছেলে কারণ ও রাজবীরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাকে ‘দারুণ এক কাকতালীয় ঘটনা’ বলে উল্লেখ করেন কানিকা। তিনি বলেন, রাজবীরের সঙ্গে ‘দোনো’র শুটিংয়ের সময়ই কারণের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে নতুন ছবির কাজের সময় সেই পরিচয় বন্ধুত্বে পরিণত হয়।
তারকা সন্তানদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার সঙ্গে একমত নন কানিকা। তাঁর মতে, কারণ ও রাজবীর দুজনই অত্যন্ত বিনয়ী ও ভদ্র। তাঁদের আচরণে কোনো ধরনের অহংকার দেখেননি তিনি। সানি দেওলের প্রশংসা করে কানিকা বলেন, তিনিও অত্যন্ত বিনয়ী একজন মানুষ। শুটিং সেটে তাঁর অভিনয়ের পর সবাই প্রশংসা করলেও তিনি সব সময় স্বাভাবিক ও মাটির মানুষ হিসেবেই থাকেন।
সানি দেওলের জোরালো অভিনয় নিয়ে কানিকা জানান, দূর থেকে কয়েকবার তাঁকে চিৎকারের দৃশ্যে অভিনয় করতে দেখেছেন। তবে সরাসরি এমন দৃশ্যে অভিনয় করতে হলে যে কেউ ভয় পেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। পরিচালক রাজকুমার সন্তোষীর কাজের ধরন নিয়েও কথা বলেন কানিকা। তিনি জানান, সন্তোষী স্ক্রিপ্ট রিডিং ও রিহার্সালের সময় অভিনয়ের ধরন বুঝিয়ে দেন। প্রয়োজনে নিজেই অভিনয় করে দৃশ্যের আবেগ বোঝান।
১৯৯৫ সালে নয়াদিল্লিতে জন্ম নেওয়া কানিকা কাপুর ২০১৫ সালে তেলুগু সিনেমা ‘তিপ্পু’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। পরে টেলিভিশন, ওয়েবসিরিজ ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ‘দোনো’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান এই অভিনেত্রী।
আজকের বাণী 





























