তরুণীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তাকে দল থেকে বহিষ্কার, সংসদ সদস্য পদ বাতিল এবং শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা সদরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা গাজী শাহ আলম। বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের আদর্শের কথা বলে জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তারা বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা এ ধরনের অভিযোগ তার মর্যাদা ও জনবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের আহ্বান জানান। পাশাপাশি সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সমাবেশ চলাকালে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগান দেন। পরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ ঘটনায় গাজী নজরুল ইসলাম বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আজকের বাণী 

















