সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৫ নম্বর পোল্ডারের উপকূল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, চাঁদনীমুখা ও ৯ নম্বর সোরা এলাকার বাঁধে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়িঘেরে নদীর লবণাক্ত পানি প্রবেশ করাতে কয়েকজন ব্যক্তি বাঁধের ব্লক সরিয়ে মাটি কেটে পাইপ বসিয়ে এসব নাইনটি স্থাপন করেছিলেন। এতে উপকূল রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, গাবুরার চারপাশে টেকসই উপকূল রক্ষা বাঁধ নির্মাণকাজ চলমান রয়েছে। কিছু ব্যক্তি বাঁধে খুঁটি ও পাইপ স্থাপন করে নাইনটি তৈরি করায় বাঁধের ক্ষতির ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্বেচ্ছায় অপসারণের নির্দেশনা না মানায় প্রশাসনের সহযোগিতায় এসব নাইনটি অপসারণ করা হয়েছে।
ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, প্রায় এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরার চারপাশে টেকসই বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সদ্য নির্মিত বাঁধ কেটে পাইপ বসিয়ে নাইনটি স্থাপন করা বাঁধের জন্য হুমকি। এ কারণে অভিযান চালিয়ে ১২টি নাইনটি অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ বাঁধের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাণী 

















