ঢাকার শোবিজ অঙ্গনের স্নিগ্ধতম অভিনেত্রীদের একজন আফসান আরা বিন্দু। নিয়মিত কাজ না করলেও দর্শকের ভালোবাসায় কখনো ভাটা পড়েনি তার। প্রায় এক দশকের বিরতি কাটিয়ে ২০২৩ সালে আবারও অভিনয়ে ফেরেন তিনি। ওই সময় মিজানুর রহমান আরিয়ানের ‘উনিশ ২০’ ওয়েব ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন বিন্দু। তবে এরপর আবারও নীরব হয়ে পড়েন এই অভিনেত্রী। প্রায় তিন বছর নতুন কোনো কাজ না থাকলেও এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
চলতি মাসেই নতুন ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন বিন্দু। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে তার অভিনীত সিরিজ ‘হেডলাইন’।
সোমবার (৮ জুন) বিকেলে প্রকাশ করা হয়েছে সিরিজটির টিজার। নির্মাতা সালেহ সোবহান অনিম পরিচালিত এক মিনিট ১৫ সেকেন্ডের এই ঝলকে গল্পের নানা দিকের আভাস পাওয়া যায়। সংবাদ অনুসন্ধানের পেছনে ছুটে চলা সাংবাদিকদের জীবন, এর অন্তরালে থাকা ষড়যন্ত্র এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন—সবকিছুই উঠে আসবে সিরিজটিতে।
গল্পের কেন্দ্রে রয়েছে একজন সিনিয়র সাংবাদিক ও এক তরুণ রিপোর্টার। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। অন্যদিকে বিন্দু অভিনয় করেছেন ‘আইরিন’ চরিত্রে, যাকে একজন সমস্যার সমাধানকারী হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন, শ্যামল মাওলা, ফারহানা হামিদ, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।
সিরিজটি প্রসঙ্গে নির্মাতা অনিম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির গল্পই বলতে চেয়েছি আমরা। যেসব গল্প দেখে আমরা বড় হয়েছি এবং এখনো যেগুলো আমাদের মনে দাগ কেটে আছে, সেই আবহেই নির্মাণ করা হয়েছে “হেডলাইন”। এটি মূলত সাংবাদিকতার আবরণের আড়ালে একটি পারিবারিক গল্প।’ দীর্ঘ বিরতির পর বিন্দুর এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের বাণী 




























