আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন অবস্থায় প্রতাপনগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম না হওয়ায় তাকে চেনা যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে নাকনা গ্রামে তিনি মারা যান।
পরে স্থানীয়রা তার ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আশাশুনি থানার এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। স্বজনরা এসে শনাক্তের চেষ্টা করলেও কেউই মৃত ব্যক্তিকে নিজের স্বজন হিসেবে দাবি করেননি।
ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় দেখা দেয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতাপনগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী সরদার, ইউনিয়ন আমীর মাওঃ ওহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুলিশ জানায়, বৈধ স্বজন পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে। তবে দাবিদার না পাওয়া গেলে পোস্টমর্টেম শেষে সরকারি কবরস্থানে দাফন করা হবে। লাশ বহন, দাফন ও কাফনের জন্য প্রতাপনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান করেছে।
রিপোর্টার 























