ঢাকা: অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্থাটির এক ঘোষণায় জানানো হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৭০ টাকা থেকে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে (মূসকসহ)। নতুন এ দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।
এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আজকের বাণী 




























