সাতক্ষীরা প্রতিনিধি: সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গঠনে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করা অত্যন্ত জরুরি। একটি সুন্দর জাতি গঠনের লক্ষ্যে সরকার বিনামূল্যে এই ভ্যাকসিন দিচ্ছে। এজন্য ভ্যাকসিন নিয়ে গুজব প্রতিরোধ করে তালিকাভুক্ত সব শিশুকে টিকা ক্যাম্পে আনতে হবে। সাংবাদিকরা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা তথ্য অফিস আয়োজিত “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আদম আলী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচির মূল প্রতিপাদ্য তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্মদিবসে জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ৭ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
বক্তারা বলেন, টিকা গ্রহণের মাধ্যমে যক্ষা, ডিফথেরিয়া, হাম-রুবেলা, পোলিও, হুপিংকাশি ও হেপাটাইটিস বি’র মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধ সম্ভব হয়েছে। তাই টাইফয়েড টিকা নিয়েও কোনো ভ্রান্ত ধারণা বা অপপ্রচার ছড়ানো উচিত নয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তালিকাভুক্ত প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে। সাংবাদিকরা প্রচার-প্রচারণার মাধ্যমে এই কর্মসূচির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
রিপোর্টার 























