সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিপঙ্কর সরকার দীপের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন টুকু, ইউপি সদস্য সুজিত কুমার উজ্জ্বল মিত্রসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখেননি এবং সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন।
তুহিন উল্লাহ তুহিন বলেন, চেয়ারম্যানের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে ইউনিয়নের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিষদের অর্থ সরকারি হিসাবের বাইরে ব্যবহার করা হচ্ছে এবং সদস্যদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজ যথাযথভাবে হয়নি এবং প্যানেল চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানকে দ্রুত অপসারণের দাবি জানান।
রিপোর্টার 























