পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন— বাগেরহাটের মোড়লগঞ্জের মিজানুর রহমান শেখ (৩৮), তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৪), ছেলে-মেয়ে শামীম ও রুমা, পিরোজপুরের জিয়ানগরের কবির শেখ ও তাঁর স্ত্রী তফুরা খাতুন, সাতক্ষীরার আশাশুনির কাদের মোড়লসহ মোট ১৪ জন।
বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বাংলাদেশিদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি তাদের বিজিবির কাছে ফেরত দেন।
এরপর আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। থানার ওসি শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাই শেষে কয়েকজনকে রবিবার রাতেই ও বাকিদের সোমবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার 























