সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ওস্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত।
সভায় বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, খুলনা বিসিকের পরিচালক গোলাম সাকলাইন কাফি, আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও জুলফিকার রায়হান, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জুড়ে পরিবেশের ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিক প্রতিনিয়ত বাড়ছে। জেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রাণসায়র খাল রক্ষা না করলে পরিবেশ রক্ষা সম্ভব হবে না। অথচ খাল খননের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। বক্তারা আরও বলেন, জেলার কৃষিজমি দখল করে যত্রতত্র ইটভাটা গড়ে তোলা হচ্ছে। সাতক্ষীরায় অনুমোদিত ভাটা মাত্র পাঁচটি, অথচ শতাধিক ভাটা চলছে অবৈধভাবে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
নিরাপদ পানির সংকট, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, গাবুরার দুর্দশা, চিংড়ি চাষের কারণে কৃষিজমি হারানো, পুকুর ভরাট করে বসতবাড়ি ও স্থাপনা গড়ে তোলার বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি ও অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে উপদেষ্টা, অ্যাড. আবুল কালাম আজাদকে আহ্বায়ক, ফরিদা আক্তার বিউটিকে যুগ্ম আহ্বায়ক, মাধব চন্দ্র দত্তকে সদস্য সচিব, সাকিবুর রহমান বাবলাকে যুগ্ম সদস্য সচিব, শ্যামল বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে অর্থ সম্পাদক এবং উপস্থিত অন্যান্যদের সদস্য করে কমিটি গঠন করা হয়।
রিপোর্টার 























