সাতক্ষীরা সংবাদদাতা : “ছাত্রসমাজের চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের গুরু দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরেরই নিতে হবে, যা অন্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়। দীর্ঘ প্রতিকূল সময়ে টিকে থাকা এই সংগঠনকে এখন অনুকূল পরিবেশে সময় নষ্ট না করে ছাত্রসমাজের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে।”
শনিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা শিবির আয়োজিত থানা দায়িত্বশীলদের দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে জেলা শিবির সভাপতি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাফেজ ইমদাদুল হক ও মো. আব্দুর রহিম। এসময় জেলা শিবিরের সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “বিগত সাড়ে পনেরো বছর ধরে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। এমনকি মাদরাসাগুলোতেও স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে শিবিরকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হলেও আজ সংগঠনটি মেধাবী, ভদ্র ও আদর্শবান ছাত্রদের ঠিকানা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।”
সভাপতির বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, “আমরা শহীদদের রক্তের উত্তরাধিকারী। দায়িত্বশীল হিসেবে আমাদের প্রতিটি কাজ ইসলামের নির্দেশনা অনুযায়ী পরিচালিত করতে হবে। সহজ-সরল জীবনযাপন, অহংকার থেকে মুক্ত থাকা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলি অর্জন করা প্রত্যেক দায়িত্বশীলের কর্তব্য।”
রিপোর্টার 























