সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তবে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে।
স্থানীয় সূত্র জানায়, পুষ্পমাল্যটি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে অর্পণ করা হয়। দুপুরের দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে যান। রাসেলের পরিচয় শনাক্ত হলেও বাকিদের পরিচয় এখনও অজ্ঞাত।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গভীর রাতে দু’জন ব্যক্তি এসেছিল। একজন ফুল দিয়েছে, আরেকজন মোবাইল ফোনে ভিডিও করছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, “কলারোয়ায় মুজিব প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ, বাহ, ইউএনও বাহ! ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষছে?” তিনি আরও লেখেন, “ইউএনও কীভাবে মুজিব রেখে অফিস করত? জুলাই বিপ্লবের পরেও তিনি কীভাবে বলেন—ভাঙার দরকার নেই, এখানে আমরা অন্য কিছু বানাব।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার 























