খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার হাতিপোতা ডাঙ্গী এলাকার একটি বাগান থেকে লাশের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
স্থানীয় রেজাউল সরদার দাবি করেছেন, লুঙ্গি ও শার্ট দেখে ধারণা করা হচ্ছে এটি তার ছেলে ইসমাইল সরদারের (১৮) লাশ। ইসমাইল গত ১ আগস্ট চুকনগর বাজার এলাকা থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরদিন (২ আগস্ট) তার ভাই ইব্রাহিম সরদার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৬৩) করেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রানা জানান, ইসমাইল নিখোঁজ হওয়ার পর সারাদেশে বার্তা পাঠানো হয়েছিল। রোববার রাতে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে মাথার খুলি, হাঁটুর নিচের পায়ের হাড়ের একটি অংশসহ কয়েকটি অঙ্গ পাওয়া গেছে।
তিনি আরও জানান, সিআইডির বিশেষজ্ঞ দল সুরতহাল রিপোর্ট প্রস্তুত করবে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করা হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুরতহাল তৈরির কাজ চলছিল।
খুলনা প্রতিনিধি 























