নিজস্ব প্রতিবেদক: গত ৩১ জুলাই ২০২৫, সাতক্ষীরা কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) এর জেলা কার্যকরী কমিটির দ্বিতীয় ত্রৈমাসিক সভা। এটি একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং স্বদেশ-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসবিজিএন জেলা কার্যকরী কমিটির সভাপতি শাহানারা খাতুন। সাধারণ সম্পাদক ছফুরা খাতুন-সহ উপস্থিত ছিলেন কমিটির সদস্য নূর নাহার খাতুন, গঙ্গা দাসী, নাজমা বেগম, আনোয়ার হোসেন, ও আরও অনেকে।
সভায় বক্তারা সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন এবং এসিড সারভাইভারদের সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, এই পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
সভায় উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কেও আলোচনা হয়। বক্তারা এসিড সারভাইভারদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করেন এবং যারা ইতোমধ্যে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তাদেরকে আর্থিক ঝুঁকি মোকাবেলায় সচেতনতা ও কৌশল অবলম্বনের পরামর্শ দেন। রিভলভিং ফান্ড ব্যবহারে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করা হয়। সভা সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন এসবিজিএন প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
রিপোর্টার 























