সাতক্ষীরা পৌর এলাকার নাগরিক দুর্ভোগ লাঘব ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। শুরুতেই তিনি বলেন, “এই পৌরসভা কোনো গোষ্ঠী বা শ্রেণির জন্য নয়, এটি জনগণের। আমি জনগণের জন্যই কাজ করতে চাই।”
সম্প্রতি অতিবর্ষণের ফলে পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে দেখা দেওয়া ভয়াবহ জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা এবং নাগরিক ভোগান্তি তুলে ধরে সরাসরি মতামত জানান পৌরবাসীরা।
তাজকিন আহমেদ চিশতী বলেন, “জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত বরাদ্দ নিশ্চিত করতে হবে। পৌর বাজেট যেন অপ্রয়োজনীয় খাতে নয়, জনগণের প্রয়োজনেই ব্যয় হয়। ভুয়া পানির বিল ও অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারি ভাতা ও টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা আনতে হবে। ড্রেন সংস্কার, বৈদ্যুতিক খুঁটিতে বাতি স্থাপন ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ জরুরি। নাগরিক সেবাগুলো নিয়মিত ও সঠিকভাবে পরিচালনার জন্য প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে।”
গণশুনানিতে নাগরিকদের বিভিন্ন দাবি ও সমস্যার মধ্যে ছিল—ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সংকট নিরসন, পর্যাপ্ত আলোবাতির স্থাপন, বাজেটের অপব্যবহার রোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিতকরণ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
ডেস্ক 























