সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশ ও কাঁকড়া শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। বুধবার (১৬ জুলাই) পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর ও খোবরাখালী খাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেলেদের নিকট থেকে প্রায় ৬০০ কেজি কাঁকড়া ও ১০০ কেজির বেশি মাছ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার, দুটি নৌকা এবং মাছ ও কাঁকড়া শিকারের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ইয়াকুব আলী সরদার (৬০), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের কামরুল ইসলাম গাজী (৪২), মহাব্বত আলী (২৮), মুজিবর রহমান মিস্ত্রি (৫২), জামাল উদ্দিন গাজী (৩৫), তৌহিদ হোসেন (৩৮) ও শিমুল হোসেন (৩৫)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করছে। নিয়মিত টহলের অংশ হিসেবে বনকর্মীরা তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে বন আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা কাঁকড়াগুলো নদীতে অবমুক্ত ও মাছগুলো ধ্বংস করা হয়েছে।
রিপোর্টার 























