সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে চায়ের দোকানে বাকবিতণ্ডা ও মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে এবং পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পশু হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া বিরোধ থামাতে ও দোকানদারকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় ওই ব্যক্তিদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আজকের বাণী 

























