সাতক্ষীরা প্রতিনিধি: সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ‘ইয়ুথ লিডার’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরের ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সুদীপ্ত দেবনাথের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিকেশন ফোরাম (আইবিসিএফ) ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুদীপ্ত দেবনাথ ২০২২ সাল থেকে শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করছেন। এসব কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এবার ‘ইয়ুথ লিডার’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্যও মনোনীত হয়েছিলেন।
আয়োজকেরা জানান, ব্যবসা-বাণিজ্য ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে দেশের ৩০ জনকে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজ পুনর্গঠন ও উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য দুজনকে ‘বিজনেস লিডারশিপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। শোবিজ, সংস্কৃতি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, মিডিয়া ও সাংবাদিকতা, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি ব্যবস্থাপনা, আইন ও মানবাধিকার, শিক্ষা, চিকিৎসা, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিক, সংবাদমাধ্যম ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার আরিফুর রহমান এবং কো-অর্ডিনেটর সাথী আক্তার হীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের পাশাপাশি সফলতার গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের বাণী 




























