রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, রোববার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল ইসলাম। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
ডিসি ইবনে মিজান বলেন, খবর পেয়ে তিনি ও শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যান। একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ নামান। মরিয়ম খাতুন কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়েও পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আজকের বাণী 




























