সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী ওরফে ‘ছোট বাবু’কে দলীয় পদসহ বিএনপির সব পর্যায়ের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ্ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশক্রমে এবং জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী হেমায়েত আলীকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টায় সহযোগিতা, আওয়ামী লীগের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা, নারী ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর, দখলবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগ দলীয়ভাবে পর্যালোচনা ও বিবেচনার পর তাঁকে বিএনপির সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ অনুযায়ী, এখন থেকে সৈয়দ হেমায়েত আলী বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে বা দলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁর কোনো ধরনের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব বিএনপির অনুমোদিত বলে গণ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা, আদর্শ, সাংগঠনিক সিদ্ধান্ত ও দলের বৃহত্তর স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। বহিষ্কারাদেশের অনুলিপি কালীগঞ্জ উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং দলীয় সংরক্ষিত নথিতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, সৈয়দ হেমায়েত আলী ওরফে ছোট বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চাঁদাবাজি, অন্যের জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তবে এসব মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
আজকের বাণী 




























