নবজাতক ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আয়োজনে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহ. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এম.ডি. মারুফুজ্জামান।
প্রধান আলোচকের বক্তব্যে চিকিৎসক এম.ডি. মারুফুজ্জামান বলেন, নবজাতক ও প্রাথমিক শৈশবেই শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ভিত্তি তৈরি হয়। এ সময়ে সঠিক পুষ্টির অভাবে শিশু স্থায়ী অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারে।
তিনি বলেন, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর ও সুষম খাবার দিতে হবে। শিশুদের পুষ্টির বিষয়ে মা-বাবাসহ পরিবারের সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মুহ. মাহবুবুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এ ধরনের তথ্যবহুল সেমিনার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেমিনারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও চিকিৎসক মো. আসলাম হোসেনসহ হাসপাতালের মেডিকেল অফিসার, নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা শিশুদের পুষ্টিমান বজায় রাখতে আধুনিক চিকিৎসাবিজ্ঞানসম্মত পরামর্শগুলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আজকের বাণী 




























