তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ’ শীর্ষক নেতৃত্ব বিকাশমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে উদারতা যুব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অষ্টম থেকে দশম শ্রেণির লিঙ্গসমতার ভিত্তিতে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পরিচালনা করেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। তিনি নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সমাজ ও দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ। তিনি তরুণদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার ও দশম শ্রেণির শিক্ষার্থী আলীপ হোসেনসহ অনেকে নেতৃত্ব বিকাশ ও তরুণদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। প্রধান অতিথি বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে শিক্ষাজীবন থেকেই দায়িত্ব গ্রহণ, অন্যের মতামতকে সম্মান করা এবং দলগতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
আলোচনায় তরুণদের নেতৃত্ব, অংশগ্রহণ, দক্ষতা বিকাশ এবং আগামীর বাংলাদেশ নির্মাণে যুবসমাজের ভূমিকা গুরুত্ব পায়। আয়োজকেরা বলেন, এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্ব সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নিজেদের মতামত ও প্রশ্ন প্রকাশের সুযোগ তৈরি করে, যা তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে মহাইমিনুল, দেলোয়ার, আবু তাহের, আলামিন, সোহেল, হৃদয়, জুবায়েরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে কলিমাখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার
আজকের বাণী 



























