‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, সহকারী পরিচালক মো. মহসীন আলী এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহযোগী অধ্যাপক মো. নাজমুল হোসেন ও প্রভাষক আশরাফ হোসেন।
সমাপনী পর্বে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—‘ছাত্র সমাজের সক্রিয় ভূমিকায় নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।’ ফাইনালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পিএন বিআম ল্যাবরেটরি স্কুল অংশ নেয়। প্রতিযোগিতায় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পিএন বিআম ল্যাবরেটরি স্কুল রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান বিজয়ী দলের বিতার্কিক ফাতিমা জামান।
বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান। সময় নিয়ন্ত্রক ছিলেন কমিটির সদস্য মো. নাজমুল হাসান। জেলা পর্যায়ের বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাতক্ষীরার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, মো. শহীদুর রহমান, মো. নাজমুল হাসান, অধ্যাপক আব্দুল ওহাব আজাদ ও এনামুল কবির খানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।
আজকের বাণী 




























