সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে সেবা দেন শিরোমণি, খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাঁরা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন।
দিনব্যাপী এ ক্যাম্পে ২৫০ জন রোগী চক্ষু চিকিৎসাসেবা নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চোখ পরীক্ষা শেষে ছানি ও নালির অপারেশন প্রয়োজন এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাঁদের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য খুলনা বিএনএসবি আই হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ছাড়া চোখের পাওয়ার পরীক্ষা শেষে ৫৫ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের সহসভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন এবং সমন্বয়কারী মো. জাহিদুর রহমান (শোভন)। সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আজকের বাণী 



























