কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি শ্যামনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুস সবুর গাজীর ছেলে। তিনি পৌরসভার কাতখালী এলাকায় নানা বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন রায়হান। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজকের বাণী 




























