চমৎকার ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ক্যাটাগরি ভিত্তিক ‘বেস্ট সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ফারস হোটেল ও রিসোর্টে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) আয়োজিত দিনব্যাপী ‘বার্ষিক উন্নয়ন সম্মেলন-২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
সারাদেশে আইবিএফ পরিচালিত ৩৬টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শাখা প্রধান এবং হিসাব ইনচার্জদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন, যিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।
আইবিএফের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘উৎকর্ষের পথে নব অভিযাত্রা, স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া’ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমাদের টিমওয়ার্ক এবং সাতক্ষীরার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক সেবার স্বীকৃতি। এই সম্মাননা ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করতে আমাদের অনুপ্রাণিত করবে।
আজকের বাণী 




























