‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নূরুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে সেরা স্টল নির্বাচনে প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা নার্সারি। দ্বিতীয় স্থান অর্জন করে সাঈদ নার্সারি এবং তৃতীয় স্থান লাভ করে সরদার নার্সারি। পরে বিজয়ী নার্সারির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।
আজকের বাণী 



























