সাতক্ষীরার আশাশুনিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অন্যান্য উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় মালো, মাহাতো ও বাগদি সম্প্রদায়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে মোট ১ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য উপকারভোগীদের মাঝে ৩টি সেলাই মেশিন ও ৫টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, প্রান্তিক পর্যায়ে সহায়তার চাহিদা অনেক বেশি হলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত বাজেটের মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে প্রকৃত যোগ্য ব্যক্তিদের স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করে সহায়তার জন্য নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, সরকারের এ বিশেষ উন্নয়ন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বরাদ্দ পাওয়া গেলে সুবিধাবঞ্চিত ও যোগ্য ব্যক্তিদের এ সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল্লাহ ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস এবং প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ ঢালীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আজকের বাণী 




























