সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দীর্ঘদিনের যানজট নিরসনে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্দর এলাকার যানজট কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু মুছার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, ভোমরা স্থলবন্দরের ব্যবসায়িক উন্নয়ন ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে যেকোনো মূল্যে যানজট নিরসন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধুনিক ও সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, যানজট নিরসনে কোনো বাধা মেনে নেওয়া হবে না এবং কোনো ধরনের অনিয়মও গ্রহণযোগ্য নয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।
এ সময় বক্তব্য দেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজনু সরদার এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে বন্দরকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও বিভিন্ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের বাণী 




























