সাতক্ষীরা জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম পাবিরের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতউল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন, জেলা পরিষদের চলমান কার্যক্রম, সম্ভাব্য উন্নয়ন প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
জানা গেছে, মুহা. ইজ্জতউল্লাহ ও মুহা. আব্দুল খালেক দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এ কারণে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনতে তারা আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময়ে জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম পাবির জেলার উন্নয়ন ও জনস্বার্থে জেলা পরিষদের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জেলা পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় দুই সংসদ সদস্য জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন। পাশাপাশি জেলার পানি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়কালে জেলা প্রশাসনের পক্ষ থেকেও জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আশ্বস্ত করা হয়।
স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনপ্রতিনিধি, জেলা পরিষদ ও প্রশাসনের মধ্যে এমন সমন্বয় সাতক্ষীরার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
আজকের বাণী 




























