অসুস্থ হয়ে চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে চলে এসেছে একটি হনুমান। এমন বিরল ঘটনায় অবাক হয়েছেন সাতক্ষীরার মানুষ ও হাসপাতালের চিকিৎসক-কর্মীরা। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে হঠাৎ করে একটি হনুমান প্রবেশ করে। পরে সেটি হাসপাতালের তৃতীয় তলায় ওয়ার্ডে গিয়ে একটি বেডে বসে পড়ে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসলাম হোসেন জানান, হনুমানটির শরীর খুব দুর্বল ছিল। এটি মাঝে মাঝে শুয়ে পড়ছিল এবং আবার উঠে বসছিল। তার শরীরে ঘুমঘুম ভাবও লক্ষ্য করা যায়।
তিনি বলেন, অসুস্থ হনুমানটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও সেটি কোনো ওষুধ খায়নি। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কেউ হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় এমন অবস্থা হতে পারে। হাসপাতালের নার্সিং ইনচার্জ আব্দুল হালিম জানান, হনুমানটিকে ওষুধ ও খাবার দেওয়া হলেও সেটি না খেয়ে ফেলে দেয়। পরে দুপুর পর্যন্ত হাসপাতালে অবস্থান করার পর নিজেই চলে যায়। হাসপাতালে আসা এই হনুমানের ঘটনা দেখতে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়। তবে বন্যপ্রাণীটির চিকিৎসা ও নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
আজকের বাণী 




























