সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব বিকাশ, অধিকারভিত্তিক অ্যাডভোকেসি এবং ফান্ডরেইজিং বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এবং ডিআরআরএ বাস্তবায়িত পিএসিই প্রকল্পের আওতায় ৮ থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত দেবহাটা উপজেলার হাদীপুরে অবস্থিত ডিআরআরএ টার্কে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন উইথ ডিজ্যাবিলিটিজ (এনসিডিডাব্লিউ)-এর সদস্যসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধী নারীদের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, প্রতিবন্ধী নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ ও আত্মবিশ্বাস বাড়ানো, অধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি পরিচালনার সক্ষমতা তৈরি এবং সংগঠনের জন্য টেকসই সম্পদ আহরণের কৌশল সম্পর্কে দক্ষতা অর্জন করাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে নেতৃত্বের ধারণা ও বৈশিষ্ট্য, কার্যকর নেতৃত্ব, দল পরিচালনা, যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং, প্রতিবন্ধী নারীদের অধিকার, ফান্ডরেইজিংয়ের মৌলিক ধারণা ও বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা এবং ব্যবহারিক অনুশীলন করা হয়। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শেখ গিয়াস উদ্দিন এবং ডিআরআরএর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস। প্রশিক্ষণার্থীরা বিভিন্ন সেশন, দলীয় কাজ, আলোচনা ও উপস্থাপনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে টেকসই জীবিকা, সংগঠন পরিচালনা ও স্বনির্ভরতা অর্জনে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।
আজকের বাণী 



























