ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের নার্সিং কর্মকর্তারা। রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডালিয়া পারভীন, সাধারণ সম্পাদক নাছিমা পারভীন, জেলা পাবলিক হেলথ (ভারপ্রাপ্ত) নার্স শিরিন সুলতানা, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সুরাইয়া ইয়াসমিন এবং মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপার শাহানা ইয়াসমিনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অনিবন্ধিত অনলাইনে ভুয়া নার্সের নাম ব্যবহার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে। তারা বলেন, “প্রচারিত ওই নামের কোনো নার্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নেই। অন্য কোনো ব্যক্তির ভিডিওকে মেডিকেল কলেজের নার্স হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”
বক্তারা আরও বলেন, ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ওই নামে কোনো নার্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন না। এ ধরনের মিথ্যা প্রচারণায় শুধু হাসপাতালের ভাবমূর্তি নয়, সারা দেশের নার্সিং পেশার মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে। তারা অবিলম্বে অপপ্রচারের বিষয়ে সংশোধনী ও প্রতিবাদ প্রকাশের দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নার্সিং কর্মকর্তারা।
আজকের বাণী 



























