সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দায়িত্বশীল নেতা-কর্মীরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান, শ্রমিক নেতা মাওলানা মতিউর রহমান ও ক্বারী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুস। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মশিউর রহমান। এ সময় ‘আনুগত্য ও পরামর্শ’ শীর্ষক দারসুল কুরআন উপস্থাপন করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোনের সভাপতি প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।
বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে শ্রম একটি মর্যাদাপূর্ণ বিষয়। শ্রমিকদের নৈতিকতা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আদর্শ ও দক্ষ শ্রমিক সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শিক প্রশিক্ষণের বিকল্প নেই। প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনসেবামূলক কাজে সম্পৃক্ততা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আজকের বাণী 



























