সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক চুরি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বসুখালী গ্রামের মৃত আলী বক্স গাজীর ছেলে মো. সিরাজুল ইসলামকে বসুখালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা জিআর নং-৩১২/২৪, কালিগঞ্জ জিআর নং-১১৮/১৯ এবং জিআর নং-১১৯/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ ছাড়া পাইকগাছা জিআর-১৪১/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে মো. শাহীন সরদারকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অন্যদিকে, আশাশুনি থানার মামলা নং-১০, ৬ আগস্ট ২০২৬ তারিখের পেনাল কোড ১৮৬০-এর ৩২৩/৩০৭/৪২৭/৫০৬ ধারার এজাহারভুক্ত আসামি শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন ইমনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আশাশুনি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আজকের বাণী 



























