সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন কুশখালি, সুলতানপুর ও হিজলদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। অন্যদিকে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১৪ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। বিজিবি জানায়, এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আজকের বাণী 



























