সাতক্ষীরায় প্রায় ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার মুন্সীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ ‘কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম’-এর আয়োজন করে গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরা। কর্মসূচিতে সহযোগিতা করে অর্বিস ইন্টারন্যাশনাল (Orbis International) ও আমুন্ড ফাউন্ডেশন (Aumund Foundation)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রভাষক মো. ওমর ফারুক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবসেবা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সমাজের সবার নৈতিক দায়িত্ব। চক্ষু চিকিৎসার ব্যয় অনেকের নাগালের বাইরে থাকায় অনেক মানুষ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকেন। এ ধরনের মানবিক উদ্যোগ অন্ধত্ব প্রতিরোধ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চিকিৎসা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ চক্ষু হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 



























