দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অনেক কম বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত জনবল নিয়োগ না হওয়ায় চিকিৎসক সংকট তৈরি হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, চিকিৎসকদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে। দীর্ঘ এক বছর কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধে চাকরিচ্যুতির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক। তবে উপস্থিতি নিবন্ধনে (রেজিস্টারে) নিয়মিত স্বাক্ষর না করার প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে নার্সদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানান তিনি। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে সাম্প্রতিক চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া এক চিকিৎসকের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যার অধিক সক্ষমতায় উন্নীত করা হবে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্যাথলজি সেবা চালু করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। এছাড়া রান্নাঘর পরিদর্শন করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আজকের বাণী 



























