দুর্নীতি, অনিয়ম এবং খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন জেলার নারী খেলোয়াড়রা। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন ডিসিপ্লিনের নারী খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়া সংগঠকরাও সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তীর পিতা ও ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এছাড়া খেলোয়াড়দের মধ্যে বক্তব্য দেন উম্মে ফাতেমা উর্মি, সোহেলী আক্তার শামীমা, সালমা খাতুন, নদী বিশ্বাস ও মেহেদী রাজু। বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া অফিস থেকে খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত ক্রীড়া সরঞ্জাম, জার্সি ও অনুদান সঠিকভাবে বিতরণ করা হয় না। প্রকৃত খেলোয়াড়দের বাদ দিয়ে অফিস স্টাফ বা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নন-এমন ব্যক্তিদের অনুদানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, বিভিন্ন অজুহাতে নারী খেলোয়াড়দের ভাতা ও বৃত্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নারী খেলোয়াড়রা বলেন, অনেকেই দরিদ্র পরিবার থেকে উঠে এসে নানা প্রতিকূলতা মোকাবিলা করে খেলাধুলা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও প্রশিক্ষণ সহায়তা না পাওয়ায় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় ব্যক্তিগত ঋণ নিয়ে যাতায়াত খরচও বহন করতে হয়। তারা আরও অভিযোগ করেন, সরকার থেকে বিভিন্ন খাতে বরাদ্দ এলেও তার সুফল প্রকৃত খেলোয়াড়রা পাচ্ছেন না। অফিসে ক্রীড়া সরঞ্জাম মজুত থাকলেও সেগুলো খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয় না। বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে সাফল্য এনে সাতক্ষীরার সুনাম বৃদ্ধি করলেও তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জেলা ক্রীড়া অফিসারের অপসারণ এবং একজন সৎ, দক্ষ ও খেলোয়াড়বান্ধব কর্মকর্তার নিয়োগের দাবি জানান তারা।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমান বলেন, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য সাতক্ষীরা থেকে ১১৪ জন আবেদন করেছিলেন। জেলা প্রশাসকের উপস্থিতিতে জেলা কমিটির যাচাই-বাছাই শেষে ৯৮ জনের তালিকা জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে পাঠানো হয়। পরে জাতীয় কমিটি পুনরায় যাচাই-বাছাই করে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে। তিনি বলেন, ভাতা না পাওয়ার ক্ষোভ থেকেই কিছু খেলোয়াড় মানববন্ধন করেছেন বলে তাঁর ধারণা। এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তাঁর কোনো ভূমিকা ছিল না। চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় কমিটিই গ্রহণ করেছে। মানববন্ধন শেষে খেলোয়াড়রা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং অবহেলিত নারী খেলোয়াড়দের প্রতি সুবিচার নিশ্চিত করতে ক্রীড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























