সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কুরাল (ভেটকি) মাছ। মাছটি দেখতে নদীর ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে। রোববার সকালে উপজেলার কাপষন্ডা গ্রামের জেলে মো. রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। এর আগে তাঁর জালে ৮ ও ১২ কেজি ওজনের দুটি ভেটকি মাছ ধরা পড়েছিল বলে জানা গেছে। জেলে রবিউল ইসলাম গাজী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহযোগিতায় জাল ওপরে তুললে বড় আকৃতির মাছটি দেখতে পান। তীরে এনে ওজন করলে মাছটির ওজন প্রায় ১৫ কেজি পাওয়া যায়। স্থানীয় মৎস্যজীবীরা জানান, খোলপেটুয়া নদীতে কুরাল বা ভেটকি মাছ ধরা পড়লেও এত বড় আকারের মাছ সচরাচর পাওয়া যায় না। নদীতে বড় মাছের সংখ্যা কমে যাওয়ায় এ ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। মাছটি দেখতে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে ভিড় করেন। অনেকে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, নদীর প্রাকৃতিক পরিবেশ ও অনুকূল মৌসুমের কারণে এখনো মাঝেমধ্যে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে, যা উপকূলের জেলেদের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে।
আজকের বাণী 























