মাছ ও ভেনামি চিংড়ি চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরায় মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সাতক্ষীরার এল্লারচরে মৎস্য চাষ প্রদর্শনী খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস অফিসার মো. আসিফ হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চিংড়ি চাষ প্রদর্শনী খামারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী। বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ ও ভেনামি চিংড়ি চাষের মাধ্যমে উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধি সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং বায়োসিকিউরিটি অনুসরণের মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করা যায়।
প্রশিক্ষণে মাছ ও ভেনামি চিংড়ি চাষের আধুনিক ব্যবস্থাপনা, পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, পোনা নির্বাচন ও মজুদ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বায়োসিকিউরিটি, প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটর ব্যবস্থাপনা, ফিড কনভার্সন রেশিও উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। তথ্যপ্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, আধুনিক মনিটরিং পদ্ধতি ও টেকসই মৎস্যচাষ নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারী চাষিরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের পুরস্কার, অংশগ্রহণকারী মৎস্যচাষীদের সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে মাছ ও ভেনামি চিংড়ি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেন।
আজকের বাণী 






















