সাতক্ষীরার দক্ষিণ কুশখালীর হাড়িয়াঘাটা মাঠে বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে তীব্র গরম উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মাঠে ভিড় করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিয়ার রহমান টালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র মো. তাসকিন আহমেদ চিশতী। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু এবং সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়া। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার ২০ হাজার টাকা, ২য় পুরস্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৮ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৩ হাজার ৫০০ টাকা, ৫ম পুরস্কার ২ হাজার টাকা এবং ৬ষ্ঠ স্থান অধিকারীকেও নগদ অর্থ প্রদান করা হয়। খেলা শেষে প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা গ্রামীণ ঐতিহ্যের এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























