বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে ও তাদের চারটি মাছ ধরার ট্রলার দেশে ফিরেছে।
সোমবার (৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২০২৫ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ট্রলারসহ ৯১ জন জেলেকে আটক করে। পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের কোস্ট গার্ডের সমন্বয়ে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।
এর ধারাবাহিকতায় রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমা (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ড আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে জেলে ও ট্রলারগুলো গ্রহণ করে। পরে সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের নিজ নিজ ট্রলারসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ হয়েছে।
আজকের বাণী 






















