সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সংলগ্ন ঐতিহ্যবাহী জাহানাবাজ আধার মানিক বিলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখা এবং সাধারণ মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার (৭ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল নেতা ও সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুল ইসলাম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন (মন্টু), সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, ছাত্রদল নেতা রিপন হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন বাবু, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া ও সওয়ারিরা অংশ নেন। আকর্ষণীয় এই ঘোড়দৌড়ে ২০ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করে যশোর বাগারপাড়ার ‘রাইসান’ (সওয়ারি যুবরাজ)। ১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে খুলনার ‘পাখি’, ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান পায় কুশখালীর ‘রানী’, চতুর্থ স্থান পায় গোপালগঞ্জের ‘মাহির রাজ’ এবং পঞ্চম স্থান অর্জন করে নড়াইলের ‘আল আমিনের’ ঘোড়া।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। স্থানীয়রা জানান, এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান তারা। প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন মোঃ আব্দুল্লাহ সানা। লোকসংস্কৃতির এই অনবদ্য আয়োজন সফল করতে সহযোগিতা করেন আয়োজক কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম খোকা, মোঃ সাইফুল্লাহ ও মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় যুব সমাজ।
আজকের বাণী 






















