তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দীর্ঘদিনের জরাজীর্ণ তালা ডাকবাংলা ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। একই সঙ্গে তালা বাজারের পুকুরপাড় এলাকার মার্কেট উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে বাজারকে আধুনিক মডেল বাজারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায় তালা ডাকবাংলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে তালা ডাকবাংলার ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এ স্থাপনাকে আধুনিক ও কার্যকর অবকাঠামোয় রূপান্তর করা হবে। এছাড়া পুকুরপাড় এলাকার মার্কেট পুনরুদ্ধার ও আধুনিকায়ন করা গেলে ব্যবসায়ীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে এবং বাজারের সার্বিক সৌন্দর্য ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। দায়িত্ব পালনকালে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। জেলা পরিষদ প্রশাসক বলেন, তালা-কলারোয়া সড়কের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়নেও কাজ করতে চান তিনি।
তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা বণিক সমিতির আহ্বায়ক নুরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাংবাদিক মীর মিল্টন, আছাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব তালা ডাকবাংলা, বাজারের দুটি মার্কেট এবং পুকুরপাড় এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
আজকের বাণী 






















