সাতক্ষীরার কলারোয়ায় বাল্যবিয়ে, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক দিনব্যাপী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো বাধা জয় করা সম্ভব।” তিনি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামদের নিয়মিতভাবে সচেতনতামূলক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান কামরুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন। কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত বিয়ের বিষয়ে বলেন, “নোটারি পাবলিকের (কোর্ট ম্যারেজ) মাধ্যমে কোনো বৈধ বিয়ে সম্পন্ন হয় না।” এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। সভা শেষে জেলা প্রশাসক কাউসার আজিজ দিনব্যাপী কলারোয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সকাল ১১টায় তিনি কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের শিষ্টাচার ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভায় অংশ নেন। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে কেঁড়াগাছি ইউনিয়নের দমদম-পাঁচপোতা এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে তাদের জীবনমান ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি হেলাতলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এরপর দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বিকেলে তিনি কলারোয়া পৌরসভার অধীনে নির্মাণাধীন গার্লস স্কুলের সাইক্লোন সেন্টার কাম একাডেমিক ভবন, টিআর প্রকল্প এবং পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনার মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী সফর শেষ হয়। অন্যদিকে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকারের আশ্রয়ণ প্রকল্প একটি মানবিক উদ্যোগ, যা ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য স্থায়ী আবাসনের সুযোগ তৈরি করেছে। তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ দেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে ইউএনও মো. আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত তদারকি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে কলারোয়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
আজকের বাণী 





















