সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরতে গিয়ে বনকর্মীদের গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনায় বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা ফজলুল হক শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। তিনি চট্টগ্রামের জোবায়গঞ্জ উপজেলার মিঝিগ্রামের আহম্দে রহমানের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৮ মে ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোষ্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় একটি জেলে নৌকা দেখতে পেয়ে বনবিভাগের টহল দল তাদের থামতে সংকেত দেয়। তবে ট্রলারটি সংকেত অমান্য করলে বনকর্মীরা গুলি চালায়। এতে গাবুরা এলাকার জেলে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পরে দুপুরে তার মরদেহ এলাকায় আনা হলে ক্ষুব্ধ গ্রামবাসী বিকেল সাড়ে তিনটার দিকে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা স্টেশনে ঢুকে ভবন ও আসবাবপত্র ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে।
বনকর্মীরা বাধা দিলে তপন, মেজবাহ, ফারুক, এখলেছার আলী ও ফয়জুর রহমান নামে পাঁচ বনকর্মী আহত হন। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় প্রায় চার লাখ টাকার মালামাল ভাঙচুর ও লুটের অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ রায় বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজকের বাণী 






















