মো. মোকাররম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি: আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো, উপকূলীয় অঞ্চলের জ্বালানি বৈষম্য দূর করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের দাবিতে সাতক্ষীরায় নীতি সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় সাতক্ষীরার এল্লারচরে অবস্থিত চিংড়ি চাষ প্রদর্শনী খামার হলরুমে “স্থানীয় টেকসই উন্নয়ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা: আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), স্থানীয় নাগরিক সমাজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সহযোগী হিসেবে যুক্ত ছিল সুন্দরবন ফাউন্ডেশন, স্বদেশ, বিন্দু নারী উন্নয়ন সংঘ, কবি জসিমউদ্দীন নারী উন্নয়ন সংস্থা, লিডার্স এবং সমাজ উন্নয়ন ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজ্জাতুল্লাহ। এ সময় একশনএইড বাংলাদেশ ও জেটনেট-বিডির পক্ষ থেকে পরিবেশবান্ধব জ্বালানির প্রতীক হিসেবে তাঁর হাতে একটি সোলার প্ল্যান্ট প্রকল্পের মডেল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রার্থীদের কাছে “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নাগরিক ইশতেহার” উপস্থাপন করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় নির্বাচন-পরবর্তী সময়ে জনপ্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে নীতি সংলাপ জোরদার করতে এ আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় স্থানীয় টেকসই উন্নয়নের নানা প্রতিবন্ধকতা, নবায়নযোগ্য জ্বালানির—বিশেষ করে সৌরশক্তি ও বায়োগ্যাসের—সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মুকুল, জাহিদুল ইসলাম বকুল, নাজমুন নাহার, হারুন বিন হানিফ, হামিদুল ইসলাম, শোয়েব হোসেন এবং সঞ্জিত কুমার দাশ। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান ও প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, যুব নেত্রী পলি সরকার, উন্নয়নকর্মী আজিজুর রহমান, যুব সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। জেটনেট-বিডি সাতক্ষীরার সমন্বয়ক শেখ আফজাল হোসেন বলেন, “বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ—এই তিনটি বড় চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করছে। বিশেষ করে সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলের কৃষিনির্ভর জনগোষ্ঠী জ্বালানি বৈষম্যের শিকার। এই বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও নাগরিক সমাজের কার্যকর সমন্বয় জরুরি।” সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনরা উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকের বাণী 






















