সাতক্ষীরার পাটকেলঘাটায় সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন। এ সময় অবৈধ দখলচেষ্টার দায়ে নিরঞ্জন দাস নামে এক ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সরকারি ছুটির সুযোগে পাটকেলঘাটা বাজারের টাওয়ার রোড এলাকায় পুটিয়াখালী মৌজার ‘ক’ তফসিলভুক্ত সরকারি জমিতে দোকানঘর নির্মাণকাজ শুরু করেন বড়বিলা গ্রামের নিরঞ্জন দাস। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে যান পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। পরে প্রশাসনের উপস্থিতিতে নির্মাণাধীন দোকানঘরটি ভেঙে ফেলা হয়। ভূমি অফিস সূত্র জানায়, পুটিয়াখালী মৌজার জেএল নং-৪৫, খতিয়ান নং-৮৭৭ এবং দাগ নং–১৪৪৯-এর জমিটি ১৯৮৭ সালের ৯ ডিসেম্বর সরকারিভাবে ‘ক’ তফসিলভুক্ত হয়। জমিটির পূর্ব মালিক ছিলেন পাটকেলঘাটা গ্রামের মৃত অমৃত কৃষ্ণ ও মৃত জ্ঞাতেন্দ্র হোড়। পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে জমিটি সরকারের নিয়ন্ত্রণে আসে এবং ব্যক্তিগত ভোগদখলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ রয়েছে, জমিটির বৈধ মালিকানা না থাকলেও নিরঞ্জন দাস দীর্ঘদিন ধরে সেটির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করে আসছেন। এর আগেও গত ২১ ফেব্রুয়ারি একই জমিতে দোকানঘর নির্মাণের চেষ্টা চালালে প্রশাসন তা অপসারণ করে। তখনও ঘটনাস্থলে লাল ফিতা টানিয়ে জমিটি সরকারি নিয়ন্ত্রণে থাকার বিষয়টি চিহ্নিত করা হয়। কিন্তু পরে আবারও সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়। এ বিষয়ে পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, “জমিটি সরকারি। এর আগেও অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আমরা তা অপসারণ করি এবং জায়গাটি চিহ্নিত করে দিই। এরপরও নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করায় সেটিও ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি তাকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আবার সরকারি আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে কারাগারে পাঠানো হবে।” স্থানীয়দের দাবি, সরকারি জমি দখলের এমন পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























